কল্যাণপুরে ৯ তরুণ হত্যা মামলা: আজ শেখ হাসিনাসহ ৮ জনের চার্জ গঠন শুনানি।

 


কল্যাণপুর ‘জঙ্গি নাটক’ ও ৯ তরুণ হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৮ জনের শুনানি আজ

২০১৬ সালে রাজধানীর কল্যাণপুরের ‘জাহাজবাড়িতে’ কথিত জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যার দায়ে দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আট জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ। প্রসিকিউশনের দাবি, এটি কোনো প্রকৃত অভিযান ছিল না; বরং আগে থেকে আটক নয়জন তরুণকে সেখানে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছিল।

এই মামলায় বর্তমানে সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক এবং ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের উপস্থিতিতে এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

একই দিনে ট্রাইব্যুনাল-২ এ জুলাই অভ্যুত্থান চলাকালে চট্টগ্রামে শহীদ ওয়াসিমসহ ৬ জনকে হত্যার ঘটনায় আরও একটি মামলার শুনানি হবে। এই মামলায় সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং আ জ ম নাসিরসহ মোট ২২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার কথা রয়েছে। এছাড়া একই ট্রাইব্যুনালে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিনও ধার্য রয়েছে। এই বিচারিক কার্যক্রমগুলোকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post