শামীম ওসমান ও হাছান মাহমুদসহ আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের বড় পদক্ষেপ
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ চূড়ান্ত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ১৯ এপ্রিল এই শুনানির দিন নির্ধারণ করেছেন। রোববার (৫ এপ্রিল) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
অন্যদিকে, চট্টগ্রামের ঘটনায়ও আইনি প্রক্রিয়া জোরদার হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ৬ জনকে হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। রোববার ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে এই অভিযোগ জমা দেওয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার তদন্ত সংস্থা তাদের তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছিল।
এই মামলায় অভিযুক্ত ২২ জনের মধ্যে বর্তমানে ফজলে করিমসহ ৪ জন গ্রেফতার রয়েছেন। বাকি পলাতক ১৮ জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। তাদের বিরুদ্ধে মোট ৩টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত হত্যা ও নির্যাতনের বিচারিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতেই ট্রাইব্যুনাল এই পদক্ষেপগুলো নিয়েছে।