বিএনপি কি পুরনো পথেই হাঁটছে? সংবিধান সংস্কার নিয়ে বদিউল আলম মজুমদারের কড়া সমালোচনা
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার অভিযোগ করেছেন, জনগণের স্পষ্ট রায় থাকা সত্ত্বেও সংবিধান সংস্কারের অঙ্গীকার রক্ষা না করে বিএনপি পুনরায় তাদের পুরনো ও বিতর্কিত পথেই হাঁটছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘জুলাই সনদের বাস্তবায়ন’ বিষয়ক এক গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
বদিউল আলম মজুমদার বলেন, বর্তমান সরকার ইতিমধ্যে অনেকগুলো জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করেছে এবং সংস্কার প্রক্রিয়া নিয়ে এক ধরনের তালবাহানা শুরু করেছে। তিনি ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে বলেন, অতীতে যারা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল, তারা কেউই জনগণের জন্য প্রকৃত কল্যাণ বয়ে আনতে পারেনি। তাই ক্ষমতার পুনরাবৃত্তি না করে জনগণের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি।
আলোচনায় তিনি আরও উল্লেখ করেন যে, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাষ্ট্রপতির আইনি ক্ষমতা বা ‘নোট অব ডিসেন্ট’-এর যেসব যুক্তি দেওয়া হচ্ছে, তা আসলে ভিত্তিহীন ও অজুহাত মাত্র। কোনো প্রকার টালবাহানা না করে আগামী ১৮০ দিনের মধ্যে ‘জুলাই সনদ’ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের জন্য তিনি সরকারের প্রতি জোর দাবি জানান। সুজন সম্পাদকের মতে, রাজনৈতিক সংস্কার এবং সংবিধানের গুণগত পরিবর্তন ছাড়া টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি প্রত্যাশা করেন যে, বিএনপি সরকার শেষ পর্যন্ত সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাস্তবায়নের পথে ফিরে আসবে এবং দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে।