দীর্ঘ ৭ বছর পর ইরান থেকে জ্বালানি তেল ও গ্যাস কিনলো ভারত
দীর্ঘ সাত বছরের বিরতি কাটিয়ে আবারও ইরান থেকে অপরিশোধিত তেল ও গ্যাস আমদানি শুরু করেছে ভারত। ২০১৯ সালে মার্কিন নিষেধাজ্ঞার চাপে আমদানি বন্ধ করার পর এটিই ভারতের প্রথম বড় কোনো জ্বালানি চুক্তি। মূলত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে অস্থিরতার কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে যে সংকট তৈরি হয়েছে, তা মোকাবিলা করতেই ভারত এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।
ভারতের জ্বালানি মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, দেশটির তেল শোধনাগারগুলো (রিফাইনারি) তাদের প্রয়োজন অনুযায়ী ইরান থেকে তেল সংগ্রহ করছে। বর্তমানে এই আমদানির বিপরীতে অর্থ পরিশোধের ক্ষেত্রে কোনো আইনি বা প্রযুক্তিগত বাধা নেই। উল্লেখ্য, বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে সম্প্রতি যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছে, যা ভারতের জন্য এই সুযোগ তৈরি করে দিয়েছে। ভারত বর্তমানে বিশ্বের ৪০টিরও বেশি দেশ থেকে তেল আমদানি করে এবং দেশটি স্পষ্ট জানিয়েছে যে, বাণিজ্যিক সুবিধা এবং জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই তারা যেকোনো দেশ থেকে জ্বালানি সংগ্রহের স্বাধীনতা বজায় রাখবে।
শুধু অপরিশোধিত তেলই নয়, ইরান থেকে ৪৪,০০০ মেট্রিক টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-ও আমদানি করেছে ভারত। নিষেধাজ্ঞার তালিকায় থাকা একটি বিশেষ জাহাজে করে এই বিপুল পরিমাণ গ্যাস গত বুধবার ভারতের মাঙ্গালুরু বন্দরে এসে পৌঁছেছে। বর্তমানে বন্দরে সেই গ্যাস খালাসের কাজ চলছে। ভারতের দাবি, এই পদক্ষেপের ফলে আগামী কয়েক মাসের জন্য দেশের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা সফলভাবে নিশ্চিত করা সম্ভব হয়েছে।