ট্রাম্পের চরম হুঁশিয়ারি: ইরানে মার্কিন-ইসরাইলি হামলায় নিহত ৩৪, পাল্টা আক্রমণ হাইফায়
হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুমকির পর ইরানে সামরিক অভিযান ব্যাপক জোরদার করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত ইরানের বিভিন্ন প্রান্তে চালানো ভয়াবহ হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে শুধু তেহরান প্রদেশেই ৬ শিশুসহ ২৩ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া কোম ও বন্দর লেঙ্গেহ এলাকায় আরও ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, তেহরানের শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং আজাদি স্কয়ারসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় দফায় দফায় বিস্ফোরণ ঘটেছে। এর প্রতিক্রিয়ায় ইরানও পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে। উত্তর ইসরাইলের হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২ ইসরাইলি নিহত হয়েছেন এবং তেল আবিবের বেশ কিছু ভবন বিধ্বস্ত হয়েছে। এমনকি কুয়েত ও আরব আমিরাতেও ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরান চুক্তিতে রাজি না হলে দেশটিকে ‘সম্পূর্ণ উড়িয়ে দেওয়া’ হবে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি আগামী মঙ্গলবার ইরানে ‘পাওয়ার প্ল্যান্ট ডে’ এবং ‘ব্রিজ ডে’ পালনের হুঁশিয়ারি দিয়েছেন, যা ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলোতে বড় ধরনের হামলার ইঙ্গিত দিচ্ছে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি এখন চরম উত্তেজনার তুঙ্গে রয়েছে।