কোটি টাকার সঞ্চালন লাইন এখন চোরদের টার্গেট: সাবস্টেশন না হওয়ায় বড় লোকসান।

 


সাবস্টেশন না হওয়ায় কাজে আসছে না বড় ৭ সঞ্চালন লাইন: ভোগান্তিতে গ্রাহক ও বাড়ছে লোকসান

দেশের সাতটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন প্রস্তুত থাকলেও শুধুমাত্র সাবস্টেশন না হওয়ার কারণে সেগুলো কোনো কাজে আসছে না। বরিশাল-ভোলা-বোরহানউদ্দিন, নীলফামারীর ডোমার এবং শিবচর-গোপালগঞ্জসহ বেশ কিছু এলাকায় ২৩০ ও ১৩২ কেভি ক্ষমতার লাইনগুলো এখন অলস পড়ে আছে। ফলে কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা এসব অবকাঠামো থেকে কোনো সুফল পাচ্ছে না সাধারণ মানুষ।

এই সাবস্টেশনগুলো নির্মাণের দায়িত্ব পেয়েছিল দেশীয় প্রতিষ্ঠান এনার্জিপ্যাক। ২০২২ ও ২০২৩ সালে কাজ শুরু করলেও আড়াই বছরের নির্ধারিত সময়ে তারা কাজ শেষ করতে পারেনি। ঠিকাদারি প্রতিষ্ঠানটির দাবি, ব্যাংকিং জটিলতা ও আর্থিক সংকটের কারণে তারা প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতিতে রাষ্ট্রায়ত্ত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিবিসি) তাদের সাথে চুক্তি বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে।

এই দীর্ঘসূত্রতার ফলে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে বিদ্যুৎ খাত। একদিকে ঋণের বোঝা বাড়ছে, অন্যদিকে গ্রাহকরা কাঙ্ক্ষিত বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো, উচ্চক্ষমতার এই লাইনগুলোতে বিদ্যুৎ না থাকায় এগুলো এখন চোর ও ডাকাত দলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সম্প্রতি নাটোরে গ্রিড সাবস্টেশন থেকে অন্তত ২ কোটি টাকার মালামাল লুটের ঘটনাটি এর অন্যতম উদাহরণ। পিজিসিবি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ঠিকাদারের মাধ্যমে দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে এবং ভবিষ্যতে ডিজাইন ও কাজের মান আরও কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে।

Post a Comment

Previous Post Next Post