চিকিৎসককে হুমকি ও চাঁদাবাজি: অভিযুক্ত মইন উদ্দিনের সঙ্গে যুবদলের কোনো সম্পর্ক নেই!

 


যুবদলের নাম ভাঙিয়ে চিকিৎসককে হুমকি: অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস

রাজধানীর শ্যামলীতে অবস্থিত সিকেডি ইউরোলজি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রখ্যাত মানবিক চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামকে যুবদলের নাম ভাঙিয়ে চাঁদার দাবিতে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মইন উদ্দিন নামে এক কথিত নেতার বিরুদ্ধে। গত ৫ আগস্টের পর থেকেই এই ব্যক্তি দলবল নিয়ে হাসপাতালে গিয়ে ভয়ভীতি প্রদর্শন এবং ডা. কামরুল ইসলামকে 'আওয়ামী লীগ' ট্যাগ দিয়ে হাসপাতালে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে আসছিলেন। চিকিৎসক জানান, বারবার হুমকির শিকার হয়ে তিনি সাধারণ ডায়েরি (জিডি) করলেও কোনো প্রতিকার পাচ্ছিলেন না।

এই ঘটনার খবর পেয়ে শুক্রবার মধ্যরাতেই হাসপাতালে ছুটে যান কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তারা হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন এবং স্পষ্টভাবে জানান যে, অভিযুক্ত মইন উদ্দিনের সঙ্গে যুবদলের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। সংগঠনের নেতারা দুঃখ প্রকাশ করে বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে সংগঠনের নাম ব্যবহার করে যেসব চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে, তার প্রায় ৮০ শতাংশই করছে অসাধু বহিরাগতরা।

ডা. কামরুল ইসলাম জানান, হাসপাতালটিতে শত শত স্বল্প আয়ের কর্মচারী কাজ করেন এবং রোগীদের অত্যন্ত সাশ্রয়ী ও মানবিক সেবা দেওয়া হয়। এমন একটি সেবামূলক প্রতিষ্ঠানে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির ঘটনায় তিনি অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন। তবে কেন্দ্রীয় যুবদল নেতাদের তাৎক্ষণিক হস্তক্ষেপে এবং তাদের আশ্বাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারে মাঠে নেমেছে। নেতারা স্পষ্ট বার্তা দিয়েছেন যে, যুবদলের নাম ব্যবহার করে কোনো চাঁদাবাজি বা অপকর্ম সহ্য করা হবে না এবং দোষীকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।

Post a Comment

Previous Post Next Post