তীব্র গরমে পাম্পে অপেক্ষমাণ চালকদের পাশে বাগেরহাট জেলা ছাত্রদল
বাগেরহাটে তীব্র জ্বালানি তেল সংকটের মধ্যে প্রচণ্ড গরমে পাম্পে দীর্ঘ লাইনে অপেক্ষমাণ চালকদের পাশে দাঁড়িয়েছে জেলা ছাত্রদল। জেলায় ২৩টি পেট্রোল পাম্প থাকলেও বর্তমানে চাহিদার তুলনায় মাত্র ১০ থেকে ২০ শতাংশ তেল সরবরাহ পাওয়া যাচ্ছে। ফলে তেলের জন্য কয়েকশ মিটার দীর্ঘ লাইনে কয়েক ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের।
রোববার (৫ এপ্রিল) দুপুরে শহরের খানজাহান আলী পেট্রোল স্টেশনে দেখা যায় মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন। তীব্র রোদে মানুষের হাঁসফাঁস অবস্থা দেখে জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুনের নেতৃত্বে একদল কর্মী সেখানে সুপেয় পানি ও ওরস্যালাইন বিতরণ করেন। ছাত্রদলের এই মানবিক ও ভিন্নধর্মী উদ্যোগকে সাধারণ চালকরা ছাত্ররাজনীতির একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে প্রশংসা করেছেন। তপ্ত রোদে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে অনেক চালকই ক্লান্ত ও অসুস্থ বোধ করছিলেন, এমন সময় পানি ও স্যালাইন পাওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেন।
ছাত্রদল নেতাদের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত ‘পজিটিভ পলিটিক্স’ বা ইতিবাচক রাজনীতির দর্শন বাস্তবায়নে তারা জনগণের দুর্ভোগে সবসময় পাশে থাকতে চান। পাম্পের শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও বিএডিসির ট্যাগ অফিসাররা নিয়মিত তদারকি করছেন। তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে বর্তমানে অধিকাংশ পাম্পে জনপ্রতি সর্বোচ্চ ৫০০ টাকার জ্বালানি দেওয়া হচ্ছে। ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় পাম্প কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে, তবে তারা আশা করছে তেলের বরাদ্দ বাড়লে দ্রুতই এই সংকট কেটে যাবে। এই সংকটকালীন সময়ে ছাত্রদলের এমন সময়োপযোগী সেবা সাধারণ মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলেছে।