রোববার আসছে শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন নির্দেশনা, থাকছে শুল্কমুক্ত ইলেকট্রিক বাসের সুখবর!

 


শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন পরিকল্পনা: সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের সম্ভাবনা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট ও অর্থনৈতিক চাপ মোকাবিলায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী রোববার (৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত বিস্তারিত পৃথক নির্দেশনা জারি করবে। মূলত সরকারি ব্যয় সংকোচন এবং জ্বালানির ওপর চাপ কমাতে এই বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয় সেটি নিশ্চিত করেই নতুন নিয়ম করা হচ্ছে। সরকারের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সপ্তাহে মোট ছয় দিন ক্লাসের মধ্যে তিন দিন সশরীরে এবং তিন দিন অনলাইনে পাঠদান করা হতে পারে। অর্থাৎ, এক দিন অনলাইন ক্লাসের পরদিন সরাসরি ক্লাস হওয়ার প্রস্তাবটি বিবেচনায় রয়েছে। তবে অনলাইনে ক্লাস চলাকালীন শিক্ষকদের সশরীরে বিদ্যালয়ে উপস্থিত থেকে পাঠদান করতে হবে এবং সব ধরনের ব্যবহারিক বা প্রাক্টিক্যাল ক্লাস সরাসরি স্কুলেই অনুষ্ঠিত হবে।

এছাড়া পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য শুল্কমুক্ত সুবিধায় নতুন ‘ইলেকট্রিক বাস’ আমদানির বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যালয়গুলো নিজস্ব ব্যবহারের জন্য এই বাস আনলে কোনো শুল্ক লাগবে না, তবে বাণিজ্যিকভাবে আমদানির ক্ষেত্রে ২০ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে। দীর্ঘ ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির কারণে শিক্ষা পদ্ধতিতে এই সাময়িক পরিবর্তনের পথে হাঁটছে কর্তৃপক্ষ। চূড়ান্ত রূপরেখা ও বিস্তারিত নিয়মাবলি রোববারের নির্দেশনায় স্পষ্ট হবে।


Post a Comment

Previous Post Next Post