দেশের বড় সিন্ডিকেটের পেছনে সরকারি দল: ডা. শফিকুর রহমান
দেশের বড় বড় বাজার সিন্ডিকেটের পেছনে সরকারি দলের প্রভাবশালী ব্যক্তিদের সরাসরি হাত রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সিন্ডিকেটের এই সংস্কৃতি অতীতেও ছিল এবং বর্তমানেও এর কোনো পরিবর্তন হয়নি। শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
জ্বালানি সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, বর্তমানে সারাদেশে জ্বালানি নিয়ে হাহাকার চলছে। অথচ সংসদে সরকারি দলের সদস্যদের কথা শুনলে মনে হয় দেশ যেন তেলে ভাসছে। মূলত কিছু অসাধু ও দুর্নীতিবাজ মানুষের কারণেই দেশ আজ এই কঠিন সংকটে পড়েছে, যার ফলে সাধারণ মানুষের জীবিকা ও সম্পদ ধ্বংস হচ্ছে।
তিনি দেশের টেকসই উন্নয়নের জন্য তিনটি প্রধান খাতকে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। এগুলো হলো—কৃষি, ইলেকট্রো-মেকানিক্যাল এবং মানবসম্পদ। ডা. শফিকুর রহমান মনে করেন, কৃষিনির্ভর দেশ হিসেবে কৃষিকে সবার আগে প্রাধান্য দেওয়া উচিত এবং বাকি দুটি খাত একে সমর্থন দেবে। বর্তমানে এই তিনটি খাতই সংকটের মুখে রয়েছে।
সরকারকে সতর্ক করে তিনি বলেন, কৃষি খাত যদি একবার বিপর্যস্ত হয়ে পড়ে, তবে কোনো বিদেশি ঋণ দিয়েও সেই বিপর্যয় ঠেকানো সম্ভব হবে না। তাই অতীত থেকে শিক্ষা নিয়ে মানুষের কষ্ট বোঝার এবং কৃষি খাতকে অগ্রাধিকার দেওয়ার জন্য তিনি সরকারের প্রতি জোর দাবি জানান।