সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে: রিমান্ড ও জামিন উভয়ই নামঞ্জুর
জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত আশরাফুল হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই আদেশ প্রদান করেন।
এর আগে, এদিন ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহসীন উদ্দীন তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন জানান। আদালত উভয় আবেদনই নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, জুলাই আন্দোলনের সময় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে শিরীন শারমিন চৌধুরী অন্যতম ‘কুশীলব’ ছিলেন এবং তার প্রত্যক্ষ বা পরোক্ষ পরিকল্পনা ও নির্দেশেই আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়েছে।
মামলার প্রেক্ষাপট: ২০২৪ সালের ১৮ জুলাই আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলন চলাকালে আশরাফুল ওরফে ফাহিম নামে এক যুবক চোখে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এই ঘটনায় গত বছরের ২৫ মে শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ করে লালবাগ থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার ৩ নম্বর আসামি হিসেবে সাবেক এই স্পিকারকে অভিযুক্ত করা হয়েছে।