নোয়াখালীতে রেললাইনে গাছ উপড়ে ট্রেন চলাচল বন্ধ: চরম ভোগান্তিতে যাত্রীরা
মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর থেকে নোয়াখালীর মাইজদীসহ বিভিন্ন এলাকায় প্রচণ্ড ঝড় ও বজ্রবৃষ্টির তাণ্ডবে রেললাইনের ওপর বড় বড় গাছ উপড়ে পড়েছে। এর ফলে ঢাকার সঙ্গে নোয়াখালীর রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। লাইনে গাছ পড়ে থাকায় নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনটি মাইজদী কোর্ট স্টেশনে আটকা পড়েছে, যার ফলে শত শত যাত্রী স্টেশনে অপেক্ষায় থেকে চরম ভোগান্তিতে পড়েছেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, মঙ্গলবার মধ্যরাতে জেলা শহরের হরিনারায়ণপুর ও বসিরার দোকানসহ বেশ কিছু স্থানে ঝড়ের দাপটে বড় বড় গাছ ভেঙে রেললাইনের ওপর পড়ে। সকাল ৬টায় সোনাপুর স্টেশন থেকে উপকূল এক্সপ্রেস ছেড়ে এলেও লাইনে গাছ থাকায় তা প্রথমে হরিনারায়ণপুর এবং পরে মাইজদী কোর্ট স্টেশনে এসে থেমে যায়। পরবর্তী লাইনেও গাছ উপড়ে থাকায় ট্রেনটি আর সামনে এগোতে পারছে না।
নোয়াখালী রেলওয়ের স্টেশন মাস্টার আসাদুজ্জামান জানিয়েছেন, ভোর থেকেই রেলওয়ে কর্মী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা লাইন থেকে গাছ অপসারণের কাজ চালিয়ে যাচ্ছেন। তবে উপড়ে পড়া গাছের সংখ্যা এবং আকার বড় হওয়ায় সেগুলো পুরোপুরি সরিয়ে লাইন পরিষ্কার করতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। সংস্কার কাজ শেষ হওয়া মাত্রই ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হবে বলে রেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।