আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ: সংসদে পাস হলো সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল
জাতীয় সংসদে আজ বুধবার (৮ এপ্রিল) 'সন্ত্রাসবিরোধী (সংশোধনী) আইন-২০২৬' পাস হয়েছে। এই আইনের মাধ্যমে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখা হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে সর্বসম্মতভাবে পাস হয়।
নতুন এই সংশোধনীর ফলে সরকারের ক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে। এখন থেকে কেবল ব্যক্তি নয়, কোনো রাজনৈতিক দল বা সংগঠনও যদি সন্ত্রাসবাদে জড়িত থাকে, তবে সরকার সরাসরি সেই সত্তাকে নিষিদ্ধ করতে পারবে। নিষেধাজ্ঞার আওতায় থাকা কোনো দল বা ব্যক্তির কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বা বিবৃতি এমনকি অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার করা যাবে না। এছাড়া নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনকে অর্থ প্রদান, আশ্রয় দেওয়া বা যেকোনো ধরনের সহায়তা করলে আগের তুলনায় অনেক কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে এই আইনে।
উল্লেখ্য যে, গত বছরের ১১ মে তৎকালীন অন্তর্বর্তী সরকার জরুরি প্রয়োজনে এই আইনটি অধ্যাদেশ আকারে জারি করেছিল। সে সময় সংসদ সচল না থাকায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতাবলে এটি গেজেট আকারে প্রকাশিত হয়। বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সেই অধ্যাদেশটিকেই আনুষ্ঠানিকভাবে বিলে রূপান্তর করে স্থায়ী আইনে পরিণত করা হলো। এর ফলে রাজনৈতিক পরিমণ্ডলে সন্ত্রাসবাদ দমনে সরকার এখন থেকে আরও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের শক্তিশালী ভিত্তি পেল।