ঢাকায় নতুন শিক্ষা রুটিন: ৩ দিন সরাসরি এবং ৩ দিন অনলাইনে ক্লাস
জ্বালানি সংকট মোকাবিলা, ঢাকার তীব্র যানজট নিরসন এবং ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ঢাকা মহানগরীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ক্লাস রুটিন চালু হতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে ৩ দিন সরাসরি (অফলাইনে) এবং বাকি দিনগুলোতে অনলাইনে পাঠদান করা হবে।
সশরীরে বা অফলাইনে ক্লাস চলবে প্রতি সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার। সপ্তাহের বাকি দিনগুলোতে অনলাইনে ক্লাস নেওয়া হবে, তবে এক্ষেত্রে শিক্ষকদের স্কুলে উপস্থিত থেকে অনলাইনে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হবে। শুক্রবার যথারীতি সাপ্তাহিক ছুটি হিসেবে বহাল থাকবে।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, এই কার্যক্রম আগামী সপ্তাহ থেকেই পরীক্ষামূলকভাবে শুরু করা হবে। প্রাথমিকভাবে ঢাকা মহানগরীর যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, সেখানে এই নিয়ম কার্যকর হবে। তবে এটি সব প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক নয়; বরং যে প্রতিষ্ঠানগুলো প্রযুক্তিগতভাবে সক্ষম এবং যাদের পর্যাপ্ত পরিকাঠামো আছে, তারাই এই পদ্ধতি অনুসরণ করবে।
এই পরীক্ষামূলক উদ্যোগটি সফল হলে পরবর্তীতে তা পর্যায়ক্রমে সারা দেশে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। শিক্ষাব্যবস্থায় যাতে কোনো ধরনের নেতিবাচক প্রভাব না পড়ে বা পড়াশোনার মান বজায় থাকে, সেদিকে বিশেষ গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রযুক্তিনির্ভর স্মার্ট শিক্ষাব্যবস্থা গড়ার পথেই এটি একটি বড় পদক্ষেপ বলে মনে করছে মন্ত্রণালয়।