৩০ এপ্রিল থেকে জুয়া ও মাদকের বিরুদ্ধে দেশব্যাপী সাঁড়াশি অভিযান
আগামী ৩০ এপ্রিলের পর থেকে সারাদেশে মাদক এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে সমন্বিত ও কঠোর অভিযান শুরু হতে যাচ্ছে। সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে এক নোটিশের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই ঘোষণা প্রদান করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশ থেকে মাদক, জুয়া এবং অনলাইন জুয়া নির্মূলে সরকার 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে। এই লক্ষ্য বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ৩০ এপ্রিলের পর থেকে এই অভিযান আরও জোরালো এবং সমন্বিতভাবে পরিচালিত হবে।
রাজধানীর অভিজাত এলাকায় গড়ে ওঠা অবৈধ শিশা লাউঞ্জগুলো নিয়ে সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের উদ্বেগের প্রেক্ষিতে মন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এসব স্থানে নিয়মিত অভিযান চালাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায়, অভিযানের পর নাম ও ঠিকানা পরিবর্তন করে পুনরায় এসব লাউঞ্জ চালু করা হয়। এটি প্রতিরোধে বিশেষ নজরদারি ব্যবস্থা বাড়ানো হয়েছে। এখন থেকে পুলিশ ও অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে যৌথ অভিযানের মাধ্যমে এসব অবৈধ আখড়া স্থায়ীভাবে বন্ধ করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন যে, বিগত সরকারের আমলে রাজধানীর বিভিন্ন এলাকায় অনিয়ন্ত্রিতভাবে এসব শিশা লাউঞ্জ ও জুয়ার আসর গড়ে উঠেছিল। বর্তমান সরকার সামাজিক শৃঙ্খলা রক্ষায় এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।