ভূমধ্যসাগরে ভয়াবহ নৌকাডুবি: নিখোঁজ ৭০, প্রাণ রক্ষা পেল ৩২ বাংলাদেশিসহ ৩২ জনের!

 


ভূমধ্যসাগরে নৌকাডুবি: বাংলাদেশিসহ ৩২ জন উদ্ধার, নিখোঁজ অন্তত ৭০

ইউরোপ যাওয়ার স্বপ্নে বিভোর অভিবাসীদের নিয়ে লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে একটি ভয়াবহ নৌকাডুবিতে অন্তত ৭০ জন নিখোঁজ হয়েছেন। তবে সৌভাগ্যবশত বাংলাদেশিসহ ৩২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও জাতিসংঘের শরণার্থী সংস্থার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এই তথ্য নিশ্চিত করেছে।

বেঁচে ফেরা অভিবাসীদের তথ্য অনুযায়ী, লিবিয়ার তাজৌরা বন্দর থেকে একটি ছোট নৌকায় প্রায় ১০০ থেকে ১২০ জন যাত্রী নিয়ে শুক্রবার রাতে যাত্রা শুরু হয়েছিল। গভীর সমুদ্রে বৈরী আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকায় পানি ঢুকতে শুরু করে এবং একপর্যায়ে তা পুরোপুরি ডুবে যায়। জার্মান উদ্ধার সংস্থা 'সি ওয়াচ' তাদের নজরদারি বিমানের মাধ্যমে দুর্ঘটনাস্থলে কয়েকজনকে নৌকার অংশ আঁকড়ে ধরে ভেসে থাকতে দেখে।

পরবর্তীতে একটি ইতালীয় ও একটি লাইবেরিয়ান বাণিজ্যিক জাহাজের সহায়তায় ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও মিশরের নাগরিক রয়েছেন। তাদের ইতালির লাম্পেদুসা দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকারীরা সমুদ্র থেকে দুটি মরদেহও উদ্ধার করেছেন। জাতিসংঘের মতে, উত্তাল সমুদ্র পাড়ি দেওয়ার জন্য নৌকাটি একেবারেই উপযুক্ত ছিল না।

আইওএম-এর তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগরে প্রায় ৩৩,৪৫০ জন অভিবাসী প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন। কেবল চলতি বছরেই এই সংখ্যা ৭২৫ ছাড়িয়েছে। জীবন বাঁচাতে বা উন্নত জীবনের আশায় ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ বেছে নেওয়া অভিবাসীদের জন্য এই পথ বারবারই এক মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post