জ্বালানি সাশ্রয়ে নেপালে সপ্তাহে ২ দিন ছুটি ঘোষণা! বিস্তারিত পড়ুন।

 


জ্বালানি সাশ্রয়ে নেপালে সপ্তাহে ২ দিন সরকারি ছুটি ঘোষণা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট বিশ্বব্যাপী জ্বালানি সংকট মোকাবিলায় বড় সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার। দেশে জ্বালানি তেলের ব্যবহার কমাতে এখন থেকে সপ্তাহে একদিনের পরিবর্তে দুই দিন (শনিবার ও রোববার) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

গত ৫ এপ্রিল (রোববার) অনুষ্ঠিত মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নতুন নিয়ম অনুযায়ী, নেপালের সকল সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন বন্ধ থাকবে। এর আগে দেশটিতে সপ্তাহে কেবল শনিবার ছুটি ছিল। এখন থেকে অফিস কার্যক্রম চলবে সোমবার থেকে শুক্রবার, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

নেপাল সরকারের মুখপাত্র সাসমিত পোখরেল জানান, জ্বালানি সরবরাহের অস্থিতিশীল পরিস্থিতির কারণেই এই পদক্ষেপ নিতে হয়েছে। উল্লেখ্য, প্রায় ৩ কোটি জনসংখ্যার দেশ নেপালের নিজস্ব কোনো খনিজ তেল বা জীবাশ্ম জ্বালানির উৎস নেই। জ্বালানির জন্য দেশটি প্রায় পুরোপুরি ভারতের ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়ে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভে। ইতোমধ্যে নেপালে উড়োজাহাজের জ্বালানির দাম প্রায় দ্বিগুণ করা হয়েছে।

জ্বালানি সংকট দীর্ঘমেয়াদে সমাধানের জন্য নেপাল সরকার পেট্রোল ও ডিজেলচালিত যানবাহনগুলোকে পর্যায়ক্রমে বৈদ্যুতিক (Electric) যানবাহনে রূপান্তরের পরিকল্পনাও করছে। মূলত তেল সাশ্রয় করে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই এই নতুন সিদ্ধান্তের প্রধান লক্ষ্য।

Post a Comment

Previous Post Next Post