ঢাকা দখলমুক্ত করতে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩য় দিনেও চলছে উচ্ছেদ!

 


রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে ডিএমপি’র সাঁড়াশি অভিযান

ঢাকা মহানগরীর ফুটপাত ও রাস্তা সাধারণ মানুষের চলাচলের উপযোগী করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। আজ ৪ এপ্রিল শনিবার অভিযানের তৃতীয় দিনে রাজধানীর মোহাম্মদপুর টাউন হলসহ আটটি ট্রাফিক জোনে একযোগে এই কার্যক্রম চলেছে। এলাকাগুলো হলো—রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, উত্তরা ও গুলশান।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ব্যবসায়ীদের ফুটপাত ছেড়ে দেওয়ার জন্য সতর্ক করা হচ্ছে। তবে আইন অমান্য করে পুনরায় অবৈধভাবে দখল করে রাখলে পুলিশ কঠোর আইনি ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। এই অভিযানের আওতায় সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা খাবারের রেস্টুরেন্ট, গ্যারেজ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, আসবাবপত্রের দোকান এবং পোশাকের দোকানগুলো উচ্ছেদ করা হচ্ছে।

অভিযানের খবরে অনেক ব্যবসায়ী আগে থেকেই তাদের মালামাল সরিয়ে নিলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযান কোনো সাময়িক ব্যবস্থা নয়। রাজধানীজুড়ে যানজট নিরসন এবং পথচারীদের জন্য নিরাপদ ফুটপাত নিশ্চিত করতে এই উচ্ছেদ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে। ডিএমপি’র ট্রাফিক বিভাগের প্রতিটি জোন নিজ নিজ এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এখন থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। মূলত জনসাধারণের ভোগান্তি কমাতে এবং শহরের শৃঙ্খলার বজায় রাখতেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।

Post a Comment

Previous Post Next Post