সংস্কার রক্ষায় ড. ইউনূস ও সাবেক উপদেষ্টাদের রাজপথে নামার ডাক নাহিদ ইসলামের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগগুলো রক্ষায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সব উপদেষ্টাকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন। ওমরাহ পালন শেষে দেশে ফিরে শনিবার (৪ এপ্রিল) বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কড়া বার্তা দেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, ৫ আগস্ট পরবর্তী ঐকমত্যের ভিত্তিতে যে সংস্কারগুলো শুরু হয়েছিল, বর্তমান বিএনপি সরকার তা এখন অগ্রাহ্য করছে। বিশেষ করে গুম প্রতিকার, মানবাধিকার কমিশন এবং বিচারপতি নিয়োগের মতো অতি গুরুত্বপূর্ণ ১০-১১টি অধ্যাদেশকে তারা আইনে পরিণত করতে চাইছে না। বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর গণভোটের রায় বাতিল করে দিয়ে নির্বাহী বিভাগের হাতে নিরঙ্কুশ ক্ষমতা রাখতে চাচ্ছে— যা স্বৈরতান্ত্রিক ব্যবস্থারই নামান্তর।
তিনি স্পষ্ট করে বলেন, "সংসদে যেহেতু সঠিক সমাধান পাওয়া যাচ্ছে না, তাই আমাদের পুনরায় রাজপথে নামতে হচ্ছে।" বিদায়ী অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করে তিনি বলেন, ড. ইউনূস ও আসিফ নজরুলসহ উপদেষ্টাদের এখন নীরব থাকার সুযোগ নেই। তাদের করা অধ্যাদেশগুলো যখন বাতিল হচ্ছে, তখন তারা চুপচাপ নিজেদের ক্যারিয়ারে ফিরে যাবেন— এটা দেশের মানুষ মেনে নেবে না। জনগণের রক্তের বিনিময়ে তারা যে দায়িত্ব পেয়েছিলেন, সেই অর্জিত সংস্কারগুলো ধরে রাখতে এখন তাদেরও সাধারণ মানুষের কাতারে এসে আন্দোলন করতে হবে। নাহলে তাদের জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
নাহিদ ইসলাম আরও সতর্ক করেন যে, সামনে অর্থনৈতিক মন্দা এবং বৈশ্বিক যুদ্ধের যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে জাতীয় ঐক্য না থাকলে সরকার দেশ পরিচালনা করতে হিমশিম খাবে।